হামলাকারীরা গ্রেপ্তার হয়নি, সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সাংবাদিক আবদুল্লাহ আল মামুন আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি। উল্টো সোমবার বিকেলে মামুন, তাঁর ভাতিজা ও বেড়ার একজন প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন হেলাল মোল্লা। তিনি মামুনের ওপর হামলাকারী ফিরোজের বাবা। হামলাকারীদের গ্রেপ্তার ও চাঁবাজির মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার বেড়ায় স্থানীয় সাংবাদিকেরা মৌন মিছিল করেছেন। মামুনের বড় ভাই আল মাহমুদ সরকার বলেন, ‘আমার ছোট ভাইয়ের হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার কারণে হেলাল মোল্লাকে দিয়ে পাল্টা মামলা করানো হয়েছে।’বেড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সরকার আরিফুর রহমান বলেন, ‘আমার সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক এ যুগের দীপ -এ দুর্নীতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর আহত মামুনের পাশে দাঁড়ানোয় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’ বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, ‘বিষয়টি নিয়ে গ্রামের লোকজন ও মামুনের বড় ভাই আল মাহমুদ সরকারের সঙ্গে সমঝোতার প্রক্রিয়ায় রয়েছে।’