
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীমের ওপর হামলার ঘটনা যিনি আড়ালে থেকে সমন্বয় করেছেন, তিনি ছাত্রলীগের একজন সাবেক নেতা। আর হামলায় ব্যবহূত অস্ত্র যিনি সরবরাহ করেছেন, তিনি শ্রমিক লীগের বর্তমান এক নেতা।
এনামুলের ওপর হামলার অভিযোগে চারজনকে আটকের পরে র্যাব আজ এ তথ্য জানায়। হামলায় জড়িত অন্যরাও বিভিন্নভাবে সরকার সমর্থক রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট।
আটক ব্যক্তিরা হলেন মনির হোসেন ওরফে রাসেল (২৮), মো. হারুন (২৭), মেহেদি হাসান (২২) ও নজরুল ইসলাম ওরফে জুয়েল (২৩)। এঁদের মধ্যে মনিরকে রাজবাড়ী থেকে, হারুনকে ময়মনসিংহ থেকে ও বাকি দুজনকে রাজধানীর তেজতুরি বাজার বস্তি থেকে আটক করে র্যাব।
আজ র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান।
র্যাব জানায়, এনামুলের ওপর হামলার মূল পরিকল্পনা ও বিনিয়োগকারী জসীমউদ্দীন। আর পুরো ঘটনাটি সমন্বয় করেছেন মনির হোসেন। এই মনির হোসেন ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি। মনিরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন জসিমের ভাই রানা। রান ৪৮ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের নেতা। আর ওই ঘটনায় দুটি অস্ত্র সরবরাহ করেন শেরেবাংলা নগর থানার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন। অস্ত্র দুটি আনা-নেওয়া করে সাঈদ নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। আর ১৯ জুন এনামুলের ওপর গুলি করতে গিয়েছিলেন রানা, হারুন ও মেহেদি। মেহেদি তেজগাঁওয়ে শেখ রাসেল পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখেন।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মনির ও জুয়েল কারওয়ান বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী আশিক ওরফে কিলার আশিকের সহযোগী।
হামলার পরিকল্পনা: গ্রেপ্তার হওয়া মনির র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে জানান, জসিম উদ্দীন তাঁর পূর্বপরিচিত। ঘটনার এক মাস আগে মনিরকে ফোন করে জসিম ব্যবসায়িক কাজের কথা বলে দেখা করতে বলেন। এর তিন-চার দিন পরে মনিরের সঙ্গে জসিমের দেখা হয়। তখন সঙ্গে রানাও ছিল। জসিম তাঁকে (মনিরকে) বলেন, তাঁর মামা (জসিমের) একসময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। কিন্তু এক কর্মকর্তার তাঁকে অন্যত্র বদলি করে দিয়েছেন। সেই কর্মকর্তাকে ‘দুই-এক পিস’ গুলি করে ভয় দেখাতে হবে। এর জন্য ‘খরচাপাতি’ জসিম বহন করবেন। সব মিলিয়ে জসিম এক লাখ টাকা দিতে চান।
সেই অনুযায়ী মনির শেরেবাংলা নগরের শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীনকে ফোন করে ২০ হাজার টাকায় দুটি অস্ত্র ভাড়া করেন। আর গুলি চালানোর জন্য কারওয়ান বাজারে তাঁর পূর্বপরিচিত মেহেদিকে ঠিক করে দেন। ১৭ জুন শ্রমিক লীগের নেতা সালাহউদ্দীন চারটি গুলিসহ দুটি অস্ত্র রানা ও হারুনের কাছে পৌঁছে দেন। রানা, হারুন ও মেহেদি সেই দিন এনামুলের ওপর হামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন।
বাস্তবায়ন: গ্রেপ্তার হওয়া মেহেদি তাঁর জবানবন্দিতে বলেন, ১৯ জুন সকালে রানা ফোন করে তাঁকে বিজয় সরণির নভোথিয়েটারের সামনে দাঁড়াতে বলে। দাঁড়ানোর কিছুক্ষণ মোটরসাইকেলে রানা ও হারুন আসেন। শুকনো পাতলা মেহেদি মোটরসাইকেলের পেছনে বসে। সংসদ ভবনের সামনে এসে হারুন তাঁকে (মেহেদিকে) পিস্তল দেন। এরপর তাঁরা ধানমন্ডিতে এনামুলের বাসার কাছে গিয়ে অবস্থান নেন। এনামুলের গাড়ি বাসা থেকে বের হওয়ার পরে তাঁরা সেটির পিছু নেন। মোড় ঘোরানোর সময় গাড়ির গতি কমলে
মেহেদি ও হারুন তিনটি গুলি চালান। এরপর তাঁরা ধানমন্ডির ভেতর দিয়ে তেজগাঁওয়ে এসে পিস্তল দুটি জমা দিয়ে দেন সালাহউদ্দীনের পাঠানো লোক সাঈদকে। এই সাঈদ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িত। পরে সালাহউদ্দীনকে অস্ত্র ফেরত দেওয়ার বিষয় নিয়ে কারওয়ান বাজারের সন্ত্রাসী আশিকও তাঁকে ফোন করেন।
মনির বলেন, ঘটনার জন্য জসিম ৭৫ হাজার টাকা দিয়েছিলেন। এঁদের মধ্যে হারুন ও মেহেদিকে ২১ হাজার টাকা, অস্ত্রের জন্য ২০ হাজার ও চারটি গুলির প্রতিটির জন্য দুই হাজার হিসাবে আট হাজার টাকা দেন মনির। যদিও অস্ত্র ফেরত দেওয়ার সময় একটি গুলি অবশিষ্ট ছিল।
আশিক গ্রুপের সংশ্লিষ্টতা: গ্রেপ্তার হওয়া মনির জানান, ২০০৮ সালে তাঁকে ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি করেন ছাত্রলীগের বর্তমান ধর্মবিষয়ক সম্পাদক এ এস এম সায়েম। তাঁরা (তিনি ও সায়েম) একসঙ্গে কারওয়ান বাজারের একটি হত্যা মামলার আসামিও ছিলেন।
গ্রেপ্তার মেহেদি জানান, তিনি কারওয়ান বাজারের একটি আলুর আড়তে কাজ করেন। মনির তাঁকে টাকার লোভ দেখিয়ে গুলি করতে পাঠান। তিনি জানান, সায়েম ও মনির দুজনই কারওয়ান বাজারের সন্ত্রাসী কিলার আশিকের সহযোগী। কারওয়ান বাজারে এঁরা আশিকের নামে এখনো চাঁদাবাজি করেন। এসব বিষয়ে বক্তব্য জানতে এ এস এম সায়েমের সঙ্গে গতকাল দুপুর থেকে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি মুঠোফোন ধরেননি।
আহত এনামুল হক শামীম প্রথম আলোকে বলেন, তিনি জসিম উদ্দীন নামে কাউকে চেনেনই না। আর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কখনোই কাউকে বহিষ্কারের কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বক্তব্যের মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে। আমি চাই আমাকে কে খুন করতে চেয়েছে তার নাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেই নাম খুঁজে বের করে।’