হামলাকারীরাই শিক্ষার্থীদের নৌকা ভাড়া করে দিয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি হামলাকারীরাই ভাড়া করে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলার এক আসামি গতকাল শনিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলে।সিলেটের মুখ্য বিচারিক হাকিম (দ্বিতীয় আদালত) কাজী মুশফিক মাহবুব রবীন ১৬৪ ধারায় আসামি ছইল মিয়ার (২৪) জবানবন্দি রেকর্ড করেন।গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে বখাটে-সন্ত্রাসীদের হামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর নিহত হন। পুলিশ সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর শিক্ষার্থীদের বহনকারী নৌকার মাঝি গুলজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একটি নতুন মুঠোফোনের লোভে তিনি হামলাকারীদের কথামতো শিক্ষার্থীদের বহনকারী নৌকা নির্দিষ্ট স্থানে বন্ধ করে দেন।জালালাবাদ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাশ প্রথম আলোকে বলেন, মাঝির দেওয়া জবানবন্দি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের মধ্য থেকে আটজনকে গত ২৮ ডিসেম্বর রিমান্ডে নেওয়া হয়। গতকাল রিমান্ডের শেষ দিনে ছইল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।জবানবন্দিতে ছইল মিয়া জানান, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিন ছাত্রী ও পাঁচ ছাত্র নৌকা ভাড়া করতে চেঙ্গেরখালে আসেন। কিন্তু তাঁরা নৌকা পাচ্ছিলেন না। এ সময় গুলজার মাঝিসহ তাঁরা ১০ জন শলাপরামর্শ করেন। রাতের বেলা নৌকা নিয়ে বের হলে শিক্ষার্থীদের সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া যাবে—এই পরিকল্পনার ব্যাপারে তাঁরা গুলজার মাঝিকে রাজি করান। গুলজার প্রথমে নৌকা ভাড়া নিতে রাজি হচ্ছিলেন না। তখন তাঁকে একটি নতুন মুঠোফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজি করান তাঁরা। তাঁদের ১০ জনের সবাই বালুশ্রমিক।জবানবন্দিতে ছইল মিয়া জানান, তাঁরা শিক্ষার্থীদের সাহায্য করার বাহানায় নৌকা ভাড়া করে দেন। তাঁদের পরিকল্পনা ছিল নৌকাটি চেঙ্গেরখালের নির্জন এলাকা পুঁটিখালে গেলে মাঝিকে ফোন করে অবস্থান জেনে তবে নৌকায় হামলা করবেন। ছইল জবানবন্দিতে বলেন, শিক্ষার্থীদের নৌকাটি ছিল ইঞ্জিনচালিত। তাঁরা ১০ জন একটি স্টিলবডির নৌকা দিয়ে পুঁটিখাল এলাকায় ছাত্রছাত্রীদের বহনকারী নৌকায় ধাক্কা লাগান। এ সময় গুলজার মাঝি পূর্বপরিকল্পনামতো নৌকাটি থামিয়ে রেখেছিলেন। যখন নৌকায় ধাক্কা দেওয়া হয়, তখন ছাত্রছাত্রীরা নৌকায় বসে ছবি তুলছিলেন। নৌকার ধাক্কায় দুজন ছাত্র পানিতে পড়ে যান।ছইল জবানবন্দিতে বলেন, তাঁরা শুধু ছাত্রীদের ব্যাগ ও মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে থাকা ছাত্ররা মনে করছিলেন ছাত্রীদের ধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে চিৎকার-শোরগোলের মধ্যে তাঁরা একজন ছাত্রীর একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।