জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় হামলা ও মারধরের ঘটনায় আজ শুক্রবার সকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারগঞ্জ থানায় করা মামলায় অভিযোগ রয়েছে, একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে ওই হামলা চালানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌর এলাকায় বালিজুড়ির একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিবেশী ইব্রাহীম (১৮) নামের এক তরুণ অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে তাঁরা ওই তরুণের পরিবারকে জানান।
অভিযোগ রয়েছে, এর জের ধরে গত রোববার রাতে ওই ছাত্রীর চাচা শহিদুলকে ঘর থেকে বাইরে বের করে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বখাটেরা। এ সময় ওই ছাত্রীর ফুপাতো ভাই আবদুল আলিম ও দাদি দুলতন নেছাসহ অনেকে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চলে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে শহিদুল ও আবদুল আলিমকে গুরুতর অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর আরেক চাচা শামসুল মোল্লা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আওয়াল জানান, ওই ছাত্রীর অভিভাবকদের মারধরের ঘটনায় প্রধান আসামি ইব্রাহীমকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।