হামলায় আহত মেহেদীর জেএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশীদের হামলায় আহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসানের জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। রংপুর সদর উপজেলার মোমিনপুরের খারুয়াবাধা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় সে গুরুতর আহত হয়।

মেহেদীর পরিবারের লোকজন জানান, ২০ জুলাই প্রতিবেশী আবদুল লতিফের সবজিখেতে বুলবুলি বেগমের (মেহেদীর মা) একটি ছাগল ঢুকে পড়ে। ছাগলটিকে আনতে গেলে আবদুল লতিফ ও তাঁর পরিবারের লোকজন মেহেদীকে পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।

বুলবুলি বেগম জানান, খারুয়াবাধা দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এ বছর মেহেদীর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু চিকিৎসাধীন থাকায় এবার সে জেএসসি পরীক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

 এ ঘটনায় মেহেদীর মা ২৩ জুলাই আদালতে মামলা করেছেন। মামলায় আবদুল লতিফসহ সাতজনকে আসামি করা হয়েছে। ২৪ জুলাই আদালত এ ব্যাপারে ব্যবস্থা নিতে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, ঘটনা তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আবদুল লতিফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।