বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনার মূল হোতাদের আড়াল করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, পুলিশ জানে, এখানে কী হয়েছে, কারা করেছে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের এখনো ধরা হয়নি। আড়াল করা হচ্ছে। যত দূর জানা গেছে, ধরতে হয়, তাই কিছু মানুষকে আটক করা হয়েছে। সত্যিই কোনো নিরীহ মানুষকে আটক করা হলে কমিশন ব্যবস্থা নেবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য রাষ্ট্র ও সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাহলেই জনগণের মনে আস্থা ফিরে আসবে।
ক্ষতিগ্রস্ত বাবলু সাহার বাড়ি পরিদর্শনকালে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, পুলিশের ভূমিকার কারণেই আজ দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও প্রেম-ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবু বকর সিদ্দিক, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রকৃত দোষীদের খুঁজে বের করতে কাজ করছি। এ জন্য সময় প্রয়োজন।’
গতকাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বিএনপি, সিপিবি, বাসদসহ আরও কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহা (১৫) ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে—এমন গুজবে গত শনিবার বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকানপাট ও মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।