হামলায় বিএনপি-জামায়াতের ইন্ধন থাকতে পারে: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেছেন, লন্ডনে তাঁর ওপর হামলা কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে হয়নি। বরং তা ছিল রাজনৈতিক হামলা। এর পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন মন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল আটটা ৪০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় ফেরেন ইনু। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন।
গত সোমবার রাতে লন্ডনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন তথ্যমন্ত্রী। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার যুক্তরাজ্য স্টুডিওতে তাঁর ওপর এ হামলা হয়। তবে এতে তাঁর কোনো ক্ষতি হয়নি।
দেশে ফিরে মন্ত্রী ওই হামলাকে গণমাধ্যমের ওপরও ন্যক্কারজনক হামলা বলে মন্তব্য করেন। ইনু দাবি করেন, তিনি যাতে সরাসরি সম্প্রচারিত টক শোতে কথা বলতে না পারেন, সে জন্য শো শুরু হওয়ার আগে এই হামলা চালানো হয়।
হামলাকারীরা শিগগির ধরা পড়বে জানিয়ে ইনু বলেন, এটিএন বাংলার সিসি ক্যামেরায় হামলাকারীদের ফুটেজ রয়েছে। লন্ডন পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুতই তাদের রাজনৈতিক পরিচয় জানা যাবে। আর হামলাকারীরা বাংলাভাষী বলেও জানান মন্ত্রী।
তথ্যমন্ত্রী দাবি করেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াত ও তাদের দোসর বিএনপি বিপজ্জনক হয়ে উঠেছে। এই হামলার পেছনে তাদের ইন্ধন থাকতে পারে।
জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৩-এর খসড়া সম্পর্কে মন্ত্রী বলেন, নামকরা গণমাধ্যম-ব্যক্তিত্বদের দিয়েই এই খসড়া করা হয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে মাত্র একজন ছিলেন। সর্বসাধারণের মতামত নেওয়ার জন্য খসড়াটি ওয়েবসাইটে দেওয়া আছে।
সম্প্রচার নীতিমালাটি ইলেকট্রনিক প্রচারমাধ্যমের রক্ষাকবচ এবং এর প্রচার ও প্রসারে সহায়ক হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।