হামলার অভিযোগে বিএনপির প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছেদ মোল্লার ওপর হামলা এবং তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি দুপুর ১২টায় স্থানীয় সিঅ্যান্ডবি বাজারে সাংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সাংবাদিকদের তিনি বলেন, নিজ কেন্দ্র হিতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটায় ভোট দিয়ে তিনি পার্শ্ববর্তী একদুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান। সেখানে দেখেন আওয়ামী লীগের প্রার্থী আনিছুজ্জামান ও তাঁর ভাই বাছেদুল আলম ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন। এ ঘটনার প্রতিবাদ জানালে প্রার্থী ও তাঁর ভাই তাঁর (বাছেদ মোল্লা) ওপর হামলা চালায়। তারা তাঁকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। পাশাপাশি তাঁর সব এজেন্টদেরও বের করে দেয়। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

বাছেদ মোল্লা আরও বলেন, ‘এ ঘটনার পরপরই ইউনিয়নের ১০টি কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে ভোট মেরে ব্যালট বাক্স পূর্ণ করে ফেলে।’

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী আনিছুজ্জামানকে ফোন দেওয়া হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল্লাহ বলেন, ‘বিএনপির প্রার্থী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’