হামলার অভিযোগে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফারুক চৌকিদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় তাঁকেসহ চার ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ফারুক চৌকিদারের সমর্থকেরা শহরের কোটাপাড়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে রাখেন।
শরীয়তপুর সদর থানা সূত্র জানায়, শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। রাত সাড়ে আটটার দিকে বাঘিয়া এলাকায় ফারুক চৌকিদারের বাড়ির সামনে থেকে পাঁচ বোতল মদসহ তাঁর ছোট ভাই সাদ্দাম চৌকিদারকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ খবর পেয়ে ফারুক চৌকিদার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে যান। তখন পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক ফজলুল হক, কনস্টেবল মোস্তাক হোসেন, শিমুল শাহ, লিটন মিয়া ও রবিউল মিয়া আহত হন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ফারুক চৌকিদার, তাঁর ছোট ভাই সাদ্দাম চৌকিদার, সমর্থক ওহিদুজ্জামান হাওলাদার ও কামাল মাদবরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ফয়সাল হাওলাদার বাদী হয়ে সদর থানায় দুটি মামলা দায়ের করেন। মামলায় ফারুক চৌকিদারসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।
ফারুক চৌকিদারের মা ফরিদা বেগম বলেন, ‘আমার ছেলে কাউন্সিলর প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সঙ্গে তাঁর বিরোধ হয়। ওই প্রার্থী ষড়যন্ত্র করে পুলিশ দিয়ে এ ঘটনা সাজিয়ে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। নির্বাচনের সময় কি কেউ মদ নিয়ে ঘোরাঘুরি করে? আমার ছেলে সিগারেট পর্যন্ত খায় না। নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ বোতল মদ পেয়েছে। ওই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য ফারুক চৌকিদার সন্ত্রাসী নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।