রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে মৃত ব্যক্তির স্বজনদের নামে আজ শনিবার বিকেলে নগরের রাজপাড়া থানায় মামলা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় মামলাটি করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম অালোকে বলেন, মামলায় মৃত ব্যক্তি মোশাররফ হোসেনের ছেলে, ভাতিজা ও ভাগনেসহ নয়জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নগরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন খান (৬০) নামের একজন রোগী মারা যান। চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রোগীর স্বজনেরা। এরপর রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। পরে রোগীর স্বজনদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন।
আজ বেলা তিনটার িদকে হাসপাতালের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল্লাহ সরকার বলেন, ৯ এপ্রিল থেকে ওই রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোগীর জন্ডিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ বেশ কিছু সমস্যা ছিল। রোগীর স্বজনেরা গতকাল বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে চলে যান। কিছু দূর যাওয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে তাঁরা ফিরে আসেন। বেলা একটা ১০ মিনিটের দিকে তাঁকে আবার হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে বাঁচানোর জন্য ওষুধ প্রয়োগ করেন। সব ধরনের চেষ্টার পরও রোগী মারা যান। চিকিৎসায় কোনো ভুল বা দায়িত্বের অবহেলা ছিল না।
প্রেস ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবিব, উপাধ্যক্ষ নওশাদ আলী, অন্যান্য চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
ইন্টার্ন চিকিৎসকেরা কখন কাজে যোগদান করবেন—জানতে চাইলে হাসপাতালের পরিচালক সাংবাদিকদের বলেন, তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। সেগুলো তারা মেটানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। এটা হলেই তারা কাজে যোগ দেবেন। রোগীদের জিম্মি করে দাবি আদায় যৌক্তিক কি নাÑজানতে চাইলে তিনি বলেন, ‘রোগীদের জিম্মি করা হয়নি। তাদের চিকিৎসার ব্যবস্থা চলছে। জরুরি বিভাগ খোলা রয়েছে। রোগীর অস্ত্রোপচার চলছে।’