একুশে আগস্ট গ্রেনেড হামলা: র্যাবের সাবেক মহাপরিচালকের সাক্ষ্য
হামলার আগে উপমন্ত্রী পিন্টুর বাসায় বাবর বৈঠক করেন
২১ আগস্ট গ্রেনেড হামলার আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন বৈঠক করেন। ওই বৈঠকে জানানো হয়, তাজউদ্দিন গ্রেনেড সরবরাহ করবেন এবং সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। উপমন্ত্রী আবদুল সালামের সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
গতকাল বুধবার র্যাবের সাবেক মহাপরিচালক (অব.) আবদুল আজিজ সরকার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যে এ কথা বলেন।
ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার কেন্দ্রীয় কারা-গারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
আবদুল আজিজ সরকার গতকাল তাঁর সাক্ষ্যে বলেন, ২০০৫ সালে একযোগে সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় জেএমবির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১ অক্টোবর জঙ্গিনেতা মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি বিষয়টি লুৎফুজ্জামান বাবর ও তৎকালীন আইজিপিকে জানান। এতে বাবর তাঁর ওপর বিরক্তি প্রকাশ করেন।
আবদুল আজিজ তাঁর সাক্ষ্যে বলেন, মুফতি হান্নান যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, গ্রেনেড হামলার আগে তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় জঙ্গিনেতাদের নিয়ে একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রেনেড হামলায় আর্থিক সহায়তা এবং সরকারের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
আবদুল আজিজ বলেন, ‘লুৎফুজ্জামান বাবর তাঁর কার্যালয়ে ডেকে তাঁকে ও কর্নেল গুলজারকে বলেন, সিআইডিকে বলা হয়েছে, আপনাদেরও বলছি, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’ এর কয়েক দিন পর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরে তিনি চাকরি থেকে অবসর নেন।
সাক্ষ্যে আবদুল আজিজ বলেন, জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান স্বীকার করেন, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ও হামলার সঙ্গে জড়িত ছিলেন। মুফতি হান্নানের দেওয়া তথ্য জানিয়ে তৎকালীন অতিরিক্ত আইজিপি (সিআইডি), আইজিপি ও লুৎফুজ্জামান বাবরের নজরে আনেন। কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল পর্যন্ত এই মামলায় ৮২ জন সাক্ষ্য দিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।