হামলার আগে হাওয়া ভবনে বৈঠক করেন মুফতি হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের কার্যক্রমের কেন্দ্র ছিল বনানীর হাওয়া ভবন। গ্রেনেড হামলার আগে সেখানে তারেক রহমানের সঙ্গে জঙ্গিনেতা মুফতি হান্নান বৈঠক করেছিলেন।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে কাহার আকন্দ এ কথা বলেন। তিনি গতকাল দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। তবে সাক্ষ্য শেষ হয়নি, আজ মঙ্গলবার বাকি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর আংশিক সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
গতকাল আবদুল কাহার আকন্দ বলেন, তদন্তকালে গ্রেপ্তার হওয়া আসামিরা জবানবন্দিতে গ্রেনেড হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রের কথা প্রকাশ করেন। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে তারেক রহমানের সঙ্গে মুফতি হান্নানসহ কয়েকজন জঙ্গিনেতা গোপন বৈঠক করেন। তার আগে রাজধানীর মোহাম্মদপুরের সাতগম্বুজ মসজিদের পাশে একটি বাসায় বসে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়।
কাহার আকন্দ বলেন, গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার ভাগনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম (ডিউক) সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন। তদন্তে জানা যায়, সেখানে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দারের (পরে বরখাস্ত) সঙ্গে বৈঠক করেন।