হামলার আতঙ্কে সেই গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের নির্যাতনের শিকার সেই গৃহবধূকে বাড়ি থেকে উৎখাতের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যেকোনো সময় ওই গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যকে মামলার আসামিরা হত্যা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতখান থানায় একটি জিডি করেছেন ওই গৃহবধূ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশ্রাফ আলী জিডির সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ছাড়া এলাকার লোকজনকে সচেতন করা এবং হিন্দুসম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে গত বুধবার বিকেলে চরপাতা ইউনিয়নের বটতলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নিনা গোস্বামী ও সালমা জাবিন গৃহবধূর বাড়িঘর পরিদর্শন করে তাঁকে আর্থিক সহায়তা দেন। তাঁরা দিনের বিভিন্ন সময় সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। ব্র্যাক, কোস্টট্রাস্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ও আঙিনা মহিলা সমিতি টানা সাত দিন গৃহবধূর বাড়ি পরিদর্শন করবে।
প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর দৌলতখান উপজেলার লেজপাতা গ্রামের ওই গৃহবধূ জসিম মোল্লা নামের এক ব্যক্তির শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। এ ঘটনায় দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।