হামলার আশঙ্কা, ঢাকায় নিজের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের শেষদিকে বিশেষ করে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হতে পারে আশঙ্কা করে ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঢাকা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়, ঢাকার হোটেল ও ক্লাবে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় ওই দিন সন্ধ্যার পর প্রকাশ্যে অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তল্লাশিচৌকি বৃদ্ধির কথা বলা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিনদের যথাযথ সাবধানতা ও উচ্চপর্যায়ের নজরদারি রাখতে বলা হয়। এ সতর্কতা আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছিল।