হামলার আশঙ্কায় কর্মস্থলে যাচ্ছেন না ওই শিক্ষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর-ডবলছড়া সড়কে গত ৩ জুন গণধর্ষণের শিকার খাসিয়াপুঞ্জির সেই স্কুলশিক্ষিকা আবারও হামলার আশঙ্কায় কর্মস্থলে যেতে পারছেন না। নিরাপত্তার অভাবে কাজে যেতে পারছেন না তাঁর স্বামীও। ফলে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
গতকাল রোববার ওই শিক্ষিকা অভিযোগ করেন, ওই ঘটনার মূল পরিকল্পনাকারী রফিক মিয়া খাসিয়াপুঞ্জির প্রভাবশালী এক আদিবাসী নেতার ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার হওয়া আরও দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। ফলে আসামিদের ফের হামলার আশঙ্কায় তাঁর কর্মস্থলে যেতে পারছেন না তিনি। খাসিয়াপুঞ্জিতে পান বিক্রির হিসাব রাখার কাজ করা স্বামীও সেখানে যেতে পারছেন না। অর্থকষ্টে তাঁরা এখন সন্তানসহ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। শমসেরনগর চা-বাগানে নতুন কাজ খুঁজছেন তাঁরা। সেই কাজও মিলছে না।
শিক্ষিকা বলেন, শমসেরনগর চা-বাগানে শ্রমিক হিসেবে তাঁর নাম নিবন্ধিত থাকলেও তিনি স্কুলশিক্ষিকা হওয়ার পর কাজটি মায়ের নামে দিয়েছিলেন। চা-বাগান কর্তৃপক্ষ চাইলে বাগানে তাঁর যেকোনো চাকরির ব্যবস্থা করা সম্ভব। এ জন্য শমসেরনগর চা-বাগান পঞ্চায়েত ও চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সহায়তা দরকার।
ধর্ষণের ঘটনায় গত ১২ জুন কমলগঞ্জ থানায় ওই শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলাটি করেন। পরে পুলিশের তদন্ত এবং গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্য ও জবানবন্দিতে জড়িত ব্যক্তিদের নাম বেরিয়ে আসে।
মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বদরুল হাসান বলেন, মামলায় প্রথমে গিয়াস উদ্দীন ও সিরাজ মিয়া নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মখলিছ মিয়া, আছকির মিয়া, হানিফ উল্ল্যা ও আব্বাস আলী নামের আরও চার আসামিকে গ্রেপ্তর করা হয়। হানিফ পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মখলিছ ও আছকির এখন জামিনে মুক্ত। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রফিক মিয়াসহ আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ওই স্কুলশিক্ষিকা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বা হামলার আতঙ্কে আছেন সে বিষয়ে তিনি পুলিশকে জানাননি। তারপরও পুলিশ তাঁর নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির (অঞ্চলের) সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা জানান, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে ওই শিক্ষিকাকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরীও ওই শিক্ষিকাকে প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করা হচ্ছে বলে জানান।