হামলার আশঙ্কায় পুলিশ ফাঁড়ি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্কৃতকারীদের হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে নাটোরের একটি পুলিশ তদন্তকেন্দ্র ও একটি ফাঁড়ি সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির প্রত্যাহার স্থগিত করা হয়েছে।নাটোরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশে ঝুঁকিপূর্ণ স্থান থেকে পুলিশ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিংড়া উপজেলার কালিগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র, লালপুরের ওয়ালিয়া ফাঁড়ি ও বাগাতিপাড়ার পকেটখালি ফাঁড়ি প্রত্যাহার করে সংশ্লিষ্ট থানায় সংযুক্ত করা হয়েছে। এসব কেন্দ্র ও ফাঁড়ির আগ্নেয়াস্ত্রসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে স্থানীয় লোকজন এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করছেন।লালপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করে থানায় সংযুক্ত করতে ফাঁড়ির আগ্নেয়াস্ত্রসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার সময় বাজারের সব দোকান বন্ধ করে স্থানীয় কয়েক শ লোক ফাঁড়িতে ভিড় করেন। তাঁরা সরকারি এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। তাঁদের ভাষ্য, এই সিদ্ধান্তের ফলে এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হবে। এ খবর শুনে সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মাহফুজ্জামান আশরাফ ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ওয়ালিয়া ফাঁড়িটি প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দেন।এদিকে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ‘দুর্গম এই এলাকায় চরমপন্থীদের তৎপরতা রয়েছে। তদন্তকেন্দ্র উঠে যাওয়ায় তাদের তৎপরতা আরও বেড়ে যাবে। আমরা আরও নিরাপত্তহীনতার মধ্যে পড়ব।’ পকেটখালি এলাকার বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘এখানে ফাঁড়ি স্থাপনের আগে নিয়মিত ডাকাতি ও ছিনতাই হতো। এ কারণে এলাকার নাম হয়ে যায় পকেটখালি। এখন ফাঁড়ি উঠে যাওয়াতে আবারও মানুষের পকেট খালি হবে। তাই আমরা পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল চাচ্ছি।’ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সাময়িকভাবে পুলিশকে থানায় প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ওইসব এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ দিয়ে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হবে।