হামলার আশঙ্কায় রাতভর পাহারা আদিবাসীদের
চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলার আদিবাসী খাসিয়ারা গত রোববার থেকে রাত জেগে পাহারা দিচ্ছে।পাত্রকলা আদিবাসী খাসিয়াপল্লির হেডম্যান (মন্ত্রী) প্রিসিংলি জানান, পাত্রকলায় ব্রিটিশ আমল থেকে বংশপরম্পরায় ১৭০ একর ভূমিতে খাসিয়াপল্লির ২৯ পরিবার বসবাস করছে। পরবর্তী সময়ে ১৯৪৭ সালের ৪ জুলাই তৎকালীন পাত্রকলা চা-বাগান কর্তৃপক্ষ ও খাসিয়াপল্লির হেডম্যানের সঙ্গে জমি বন্দোবস্ত নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু গত ৩০ এপ্রিল পাত্রকলা চা-বাগানের ব্যবস্থাপক শ্রমিকদের দিয়ে খাসিয়াপল্লির সাত একর জমির আনারস ও লেবুগাছ উপড়ে ফেলেন। শুধু তা-ই নয়, শ্রমিকেরা খাসিয়াপল্লিতে হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেন। হেডম্যান জানান, গত রোববার জাতীয় সংসদের চিফ হুইপ ও ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান আব্দুস শহীদ পাত্রকলা চা-বাগান ও বিরোধপূর্ণ ভূমি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি যেভাবেই হোক, পাত্রকলার জমি উদ্ধার করা হবে বলে ঘোষণা দেন। এরপর শ্রমিকেরা আবারও সংঘবদ্ধ হয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে খাসিয়ারা। আর এ কারণে ওই দিন রাত থেকে খাসিয়া পরিবারগুলো পাহারা দেওয়া শুরু করে।এ ব্যাপারে পাত্রকলা চা-বাগানের ব্যবস্থাপক মো. শামছুল ইসলাম বলেন, খাসিয়াদের নিজের কোনো ভূমি নেই। তারা দীর্ঘকাল থেকে পাত্রকলা চা-বাগানের ১৭০ একর ভূমির ওপর বসবাস করছে। খাসিয়ারা পর্যায়ক্রমে চা-বাগানের সাড়ে তিন শ একর ভূমি দখল করে। ৩০ এপ্রিল এসব ভূমি উদ্ধারে উদ্যোগ নিয়েছিলেন চা-শ্রমিকেরা।এ ব্যাপারে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি নেতা জিডিসন সুচিয়াং প্রধান বলেন, পাত্রকলা চা-বাগান সৃষ্টির আগে থেকে খাসিয়া পরিবারগুলো বংশপরম্পরায় ১৭০ একর ভূমি বন্দোবস্ত নিয়ে বসবাস করছে। তাদের কাগজপত্র রয়েছে।জমি নিয়ে পাত্রকলা চা-বাগান কর্তৃপক্ষ ও খাসিয়াদের উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী জানান, বিষয়টির দিকে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। শিগগিরই সরকারিভাবে ভূমি জরিপ চালিয়ে সমস্যার সমাধান করা হবে।