২১ আগস্ট গ্রেনেড হামলার এক দিন আগে বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় ভাই মাওলানা তাজউদ্দিন কয়েকজন লোক নিয়ে আলোচনা করেছিলেন।
সাবেক উপমন্ত্রী পিন্টুর সরকারি বাসভবনের নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবল আহসান হাবিব গতকাল রোববার আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন।
সাক্ষী আহসান হাবিব আদালতকে বলেন, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবদুস সালাম পিন্টুর ধানমন্ডির সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওই বাসভবনের মূল ভবনের পাশে তাঁদের থাকার ব্যবস্থা ছিল। তিনি বলেন, আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন প্রায়ই উপমন্ত্রীর সরকারি বাসায় আসতেন। তাজউদ্দিনের সঙ্গে অন্য লোকজনকেও আসা-যাওয়া করতে দেখেছেন তিনি।
আহসান আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার এক দিন আগে বেলা ১১টার দিকে তাজউদ্দিন কয়েকজন লোকসহ পিন্টুর বাসায় আসেন। তাঁরা ড্রইংরুমে বসে আলোচনা করেন। তবে তাঁরা কী আলোচনা করেছেন, তা সাক্ষী আহসান শোনেননি।
সাক্ষ্য শেষে এই সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানান আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারসহ ৩০ জন আসামি। আজ সোমবার বাকি আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য রয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি মামলায় গতকাল পর্যন্ত ৭১ জন সাক্ষ্য দিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ-সংক্রান্ত দুটি মামলায় সাবেক উপমন্ত্রী পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।