দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ সাঈদের (৬০) শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি গুলি বের করা হয়েছে। জ্ঞান ফেরার পর গতকাল বুধবার সকালে তিনি ছেলের সঙ্গে কথা বলেছেন।
হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নয় মোহাম্মদ সাঈদের পরিবার ও পুলিশ। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৭৯ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার সাঈদকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। সূত্রাপুরের দেবেন্দ্রনাথ রোডে তাঁর বাড়ির সামনে এ হামলা চালানো হয়। গুলিবিদ্ধ সাঈদকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক রিয়াদ মোরশেদ বলেন, অস্ত্রোপচারের সময় সাঈদের পেটের ডান পাশ থেকে দুটি ও ডান হাত থেকে একটি গুলি বের করা হয়। আপাতত তাঁকে আইসিইউ রাখা হয়েছে।
দুপুরে মোহাম্মদ সাঈদের স্ত্রী আনারকলি সাঈদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল ভোর পাঁচটা পর্যন্ত সাঈদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এ সময় ২১ ব্যাগ রক্ত লাগে। জ্ঞান ফেরার পর সকাল সাতটার দিকে তিনি বড় ছেলে সোবহান রহমানের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। কেন বা কী কারণে এ হামলা হলো, তা তাঁরা কিছুতেই বুঝতে পারছেন না। কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই।
হামলার কারণ নিয়ে পুলিশও নিশ্চিত করে কিছু বলতে পারছে না। জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, দলের কমিটি নিয়ে বিরোধ ছাড়াও শ্যামবাজারে চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।