হামলার গুজবে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ সব রাজাকারের সাজা মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জনসমাগমে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। জামায়াত-শিবিরের হামলার গুজবের পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন প্রেসক্লাবের দুদিকের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা দেওয়ার দাবিতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মেলবন্ধন এখন স্থানীয় প্রেসক্লাব চত্বর। এ চত্বর এখন সব মত ও পথের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। স্বাধীনতাবিরোধী মানবতা অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে হাজারো মানুষের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে প্রেসক্লাব চত্বর। সূত্র জানায়, চট্টগ্রাম প্রেসক্লাবে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে সমাগম বানচালের চেষ্টা চলছে বলে পুলিশের কাছে তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নগর পুলিশ প্রশাসন চেরাগী পাগাহার মোড় থেকে জামালখান মোড় পর্যন্ত দুদিকের রাস্তা বৃহস্পতিবার রাতে বন্ধ করে দিয়েছে। হেঁটে কেবল সমাগমে যোগ দিতে পারছেন আন্দোলনকারীরা।প্রেসক্লাব চত্বরের সমাগমের আয়োজক ও সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, ‘শিবিরের ক্যাডাররা আমাদের সমাগমের ছবি সংগ্রহ করতে এসেছিলেন। আমরা প্রথমে বাধা দিইনি। পরে তাঁদের আনাগোনা বেড়ে গেলে আমরা পুলিশকে জানাই। এর পরিপ্রেক্ষিতে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। তবে আমাদের সমাগমে হাজারো মানুষের ঢল নেমেছে। জামায়াত-শিবির কিছু করতে এলে আর ফিরে যেতে পারবে না। জনগণই তাঁদের প্রতিরোধ করবে।’জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘প্রেসক্লাব চত্বরে হামলার গুজবের কথা আমরা শুনেছি। এ জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’