হামলার ঘটনার পরও নির্বাচনে থাকবেন তাবিথ
হামলার ঘটনার পরও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মিরপুরের কাজীপাড়া বাজারের সামনে তাবিথের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন।
জয়নাল আবদিন বলেন, ‘যতই আক্রমণ আসুক, বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ২৮ এপ্রিলের নির্বাচনে অংশ নেবেন।’ তিনি নির্বাচনী প্রচারের সময় গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা।’ নির্বাচন বানচাল করতেই এ হামলা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এর সঙ্গে তিনি যোগ করেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। হামলা হলেও ভোটকেন্দ্রে গিয়ে তাবিথ আউয়ালকে ভোট দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
তাবিথ আউয়াল ও তাঁর সমর্থকেরা মোহাম্মদপুরে প্রচারকাজ শেষ করে শ্যামলী, আগারগাঁও, তালতলা ও শেওড়াপাড়া হয়ে বেলা আড়াইটায় কাজীপাড়া পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে জয়নাল আবদিন ফারুকসহ বিএনপির নেতা-কর্মী ও সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীরা ছিলেন। তাঁরা স্লোগান দিচ্ছিলেন, ‘বুলেটের জবাব ব্যালটে হবে।’
প্রচারকাজ চালানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপরে যে ন্যক্কারজনক হামলা হলো, তা প্রমাণ করে দেশে নির্বাচনের পরিবেশ তো দূরে থাক, কোনো মানুষেরই নিরাপত্তা নেই।