কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ায় হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে বৌদ্ধ সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বাংলাদেশের বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন।রামুর ঘটনা তদন্ত করেছে বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির পাঁচ সদস্যের একটি তদন্ত দল। তদন্তে পাওয়া তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন সংগঠনের নেতা শুদ্ধানন্দ মহাথেরো ও অশোক বড়ুয়া। তাঁরা জানান, বৌদ্ধবিহার ও বসতিতে হামলার সময় একই ধরনের সিমেন্টের ব্লক ছোড়া হয়েছিল। সেই ব্লকের একটি ব্লক প্রধানমন্ত্রীকে দেখান বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্যসচিব অশোক। তিনি বলেন, এটাই প্রমাণ করে এই ঘটনা পরিকল্পিত।হামলার ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করা করে, ব্যবস্থা আমরা নেবই। যারা তা ঘটিয়েছে, তাদের ছাড়ব না।’বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার তিনটি কারণ খুঁজে পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রীকে জানান তদন্ত কমিটির নেতা পুলিশের সাবেক উপমহাপরিদর্শক পি আর বড়ুয়া। এই তিনটি কারণ হচ্ছে—রোহিঙ্গা ইস্যুটিকে ঘোলাটে করা, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা। শেখ হাসিনা বৌদ্ধ নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত উপাসনালয় পুনর্নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলেতিনি জানান।বৌদ্ধ সমাজের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন প্রজ্ঞানন্দ মহাথেরো, বৌদ্ধপ্রিয় মহাথেরো, ধর্মানন্দ মহাথেরো, বৌদ্ধানন্দ মহাথেরো প্রমুখ।