কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-সমর্থিত কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রশাসন। ওই দুই কর্মকর্তা হলেন সহ-উপাচার্য শাহিনুর রহমানের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান ও সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ-সংক্রান্ত চিঠি ওই দুজনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।
আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। আবদুল হান্নান বলেন, ‘এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি এবং আমার জানামতে সে-ও (আলমগীর হোসেন) এখনো কোনো চিঠি পায়নি।’
গত বুধবার উপাচার্য ও সহ-উপাচার্য সমর্থক শিক্ষক-কর্মকর্তাদের পাল্টাপাল্টি মানববন্ধনের আগে উপাচার্য-সমর্থক কয়েকজন কর্মকর্তার ওপর সহ-উপাচার্য সমর্থক কয়েকজন কর্মকর্তা হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় পাঁচজন কর্মকর্তা আহত হন।