হামলার ঘটনায় দুটি মামলা আলটিমেটাম, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত (কে-আর) মার্কেটে গত বুধবার রাতে হামলা ও সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা পৃথক সমাবেশ করেন। শিক্ষার্থীদের সমাবেশ চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে রোববার পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেন। দাবি না মানা হলে রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মো. জহিরউদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক চৌধুরী, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি মো. সুলতান উদ্দিন ভূঞা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দ, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান প্রমুখ।বুধবারের ঘটনায় ওই দিন দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তাকর্মী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে আজম, মো. জসিম উদ্দিন, সাহেলসহ ২৯ জনের বিরুদ্ধে এ মামলা করেন। পাল্টা মামলা করেন জসিম উদ্দিন। এতে মোরশেদ, রানা, আমজাদ, রাজন, সাজেদ, জয়, ইমনসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পাল্টাপাল্টি দুটি মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলী আকবর জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।