হামলার তদারককারী জাহিদ আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-67
Untitled-67

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের ওপর হামলার তদারককারী ও অস্ত্র সরবরাহকারী জাহিদ চৌধুরীকে গতকাল সোমবার আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, রিমান্ডে নেওয়া আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম থেকে একজন অতিরিক্ত ডিআইজি আজ মঙ্গলবার ফেনী পৌঁছার কথা রয়েছে। তিনি ছাড়াও ভিন্ন জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপার ও চারজন উপপরিদর্শকের সমন্বয়ে একটি দলও আসামিদের জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে ফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলকেও পুলিশ খঁুজছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালিয়েও পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরীকে গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত একরাম হত্যায় মোট ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
আ.লীগ নেতার বাড়িতে আগুন: ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মোহাম্মদ প্রথম আলোকে জানান, নিহত একরামের সমর্থকেরা গতকাল আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মেম্বারের বাড়িতে আগুন দিয়েছে। এতে দুটি পাকা দালানসহ তিনটি ঘর পুড়ে যায়। এ সময় বেলাল মেম্বারসহ বাড়ির লোকজন পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের নেতা একরাম হত্যায় ছাত্রলীগের কেউ জড়িত নন বলে দাবি করেছে ফেনী জেলা ছাত্রলীগ। গতকাল সকালে সংবাদ সম্মেলন এ করে দাবি করেন ছাত্রলীগের জেলা সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। তাঁরা বলেন, একরাম হত্যায় সরাসরি জড়িত হিসেবে গ্রেপ্তার হওয়া আবিদুল ইসলাম (আবিদ), নাফিজ উদ্দীন চৌধুরী ও জাহিদুল ইসলাম (সৈকত) ছাত্রদলের কর্মী।
অপরদিকে বিকেলে শহরের তাকিয়া রোডে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদল। এতে সংগঠনের সভাপতি আমানউদ্দিন কায়সার সাব্বির ও সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী ছাত্রলীগের দাবিকে প্রত্যাখ্যান করেন। ছাত্রদলের দাবি, গ্রেপ্তার হওয়া তরুণদের সঙ্গে ছাত্রদলের কখনো সম্পর্ক ছিল না।