ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত মঙ্গলবার রাতে শিক্ষক সমিতি থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য যৌথ বিবৃতিতে বলেন, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের চলমান আন্দোলনে পুলিশি হামলা ও কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের মৃত্যুতে শিক্ষক সমিতি গভীর শোক, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। হামলায় দায়ী ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। গত ২৭ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল কালামসহ দুজন নিহত হন।