চাঁদার দাবিতে দুর্বৃত্তদের হামলায় তিনজন শ্রমিক আহত হওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী বাবলু, শ্রমিক যাদব ও নাসির রহমান। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠান হাবিব অ্যান্ড কোম্পানির প্রকৌশলী সোহেল রানা বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ কোটি টাকা ব্যয়ে ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ১০ তলা ভবনের নির্মাণকাজ করছে হাবিব অ্যান্ড কোম্পানি। গত সোমবার দুপুরে কয়েকজন যুবক এসে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁরা কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু তাঁদের কথায় কাজ বন্ধ রাখা হয়নি। ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে লাঠিসোঁটা ও রড নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে যাদবের পা ভেঙে গেছে।
বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হলেও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না সিদ্দীকা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লিখিত আবেদন পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে জানানো হয়েছে। তবে মামলা হওয়া না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নিরাপত্তার প্রশ্নে শ্রমিকদের দাবির মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান আপাতত কাজ বন্ধ রেখেছে।