হামলার পর চান্দিনা মহিলা কলেজ বন্ধ
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার ঘটনার পর কলেজ বন্ধ রয়েছে। এদিকে এই ঘটনায় আহত ছাত্রী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত রোববারের হামলায় গুরুতর আহত ছাত্রী রোকেয়া বেগমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) রাখা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত মাহমুদা আক্তার কুমিল্লা সদর হাসপাতালে এবং মায়মুনা আক্তার সাথী ও শারমিন আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, কাল বুধবার থেকে কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সোম ও মঙ্গলবার ক্লাস বন্ধ রাখা হয়েছে। গত রোববারের ঘটনায় কোনো মামলা হয়নি।
কলেজ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় কলেজছাত্রীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২৫ জন আহত হন।
চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, রোববারের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।