পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে হামলার পর প্রতিষ্ঠানটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে আসেননি। এতে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
পিজিসিএলের রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম ভেঙে ৪০টি বাড়িতে গ্যাস-সংযোগ না দেওয়ায় গত ১৯ সেপ্টেম্বর এ কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। পুলিশ এসে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়ার পর মামলা না করার জন্য এ কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হয়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই দিন রাত ১০টার পর এ কার্যালয়ের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা তোফায়েল আহমেদ মামলা করেন। ঘটনার পর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা রাজশাহী কার্যালয় পরিদর্শনে আসেননি। এমনকি এ কার্যালয়ের দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক (ডিজিএম-বিক্রয়) ইমাম উদ্দিনও এখানে আসেননি।
পিজিসিএল সূত্রে জানা গেছে, গত জুনে ডিজিএম ইমাম উদ্দিন রাজশাহীর দায়িত্ব নিয়েছেন। হামলার ঘটনার আগে প্রতি সপ্তাহে তিনি দু-তিনবার রাজশাহীতে এসেছেন। কিন্তু হামলার ঘটনার ১৬ দিন পরও তিনি রাজশাহীতে আসেননি। তিনি সিরাজগঞ্জ কার্যালয়ে বসে ফাইল সই করছেন।
জানতে চাইলে ইমাম উদ্দিন এ প্রশ্নের জবাব না দিয়ে বলেন, না গেলেও তিনি প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছেন।