হামলার পর মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে নেতারা অভিযোগ করেছেন, ওই ঘটনায় মামলা দিতে গেলেও পুলিশ নেয়নি। উল্টো মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।

তবে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, অযথা কাউকে কোনো হয়রানি করা হচ্ছে না। আর বিএনপির লোকজন থানায় মামলা করতে আসেনি।

গতকাল বেলা দুইটার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাঠান।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৩ জুন রাত নয়টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সেলিম খান নামের উপজেলা ছাত্রলীগের এক কর্মী আহত হন। এরপর রাত ১১টার দিকে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার–টেবিল ভাঙচুর করেন। পরে একই ব্যক্তিরা পূর্ব বাজারে জেলা বিএনপির সহসভাপতি আবদুস সালামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল নষ্ট করেন। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তাঁরা। ঘটনার পরদিন বিএনপির নেতারা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো ছাত্রলীগের এক কর্মী বাদী হয়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের ১১ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এরপর থেকে পুলিশ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে। সর্বশেষ গত রোববার দুপুরে পলাশ বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কলমাকান্দা সদরে মিছিল বের করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সাঁটানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

অভিযোগের বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাস বলেন, ‘আমার নামে ও আমাদের দলীয় নেতা-কর্মীদের নামে বিএনপি মিথ্যা অপবাদ দিচ্ছে। রাতের অন্ধকারে কে বা কারা বিএনপির কার্যালয় ও নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে, তা আমার জানা নেই।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত রোববার আমরা একটি শান্তিপূর্ণ মহড়া করেছি। এর বেশি কিছু না।’