হামলার পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর ও সুজানগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।
ফরিদপুরে আওয়ামী লীগের প্রার্থীর দাবি, গত শনিবার রাতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী বলছেন, তাঁর বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। পৌর এলাকার পারফরিদপুর ব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে দুটি গুলির শব্দ হয়।
খবর পেয়ে কামরুজ্জামানের সমর্থকেরা রাতেই একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকা প্রদক্ষিণকালে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালান ও ভাঙচুর করেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী খ ম কামরুজ্জামান অভিযোগ করেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তারা আমাকে হত্যার জন্যই গুলি ছুড়েছে।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার দুপুরে জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের লোকজন বিএনপির সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সেন্টারে না যাওয়ার হুমকি দিচ্ছেন। মিথ্যা নাটক সাজিয়ে শনিবার রাতে আওয়ামী লীগ-সমর্থকেরা ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামের বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ করেছেন। এ ছাড়া পৌর বিএনপির কার্যালয় ব্যাপক ভাঙচুর করে বিএনপির প্রার্থীর প্রচারে বাধা দিচ্ছেন।
একইভাবে শনিবার সন্ধ্যায় সুজানগর পৌরসভার মানিকদীর গ্রামে প্রচারণার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল ওহাব, বিএনপির মেয়র প্রার্থী আজম আলী বিশ্বাস ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী তোফাজ্জল হোসেন একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। ঘটনায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর তিন কর্মী আহত হয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।