হামলার পুনরাবৃত্তি ঠেকাতে বদরুলের দ্রুত সাজা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা বদরুল আলমের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শনিবারও সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে বদরুলের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ ছাড়া, আন্দোলন বন্ধে সিলেট সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটকের পর সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। তবে বয়স বিবেচনা করে ছেলেটির বিরুদ্ধে কোনো মামলা করেনি ওই ছাত্রীর পরিবার।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকালে নাগরিক ও পেশাজীবীদের ২৭টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মানববন্ধন ও সমাবেশ করে ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’ সিলেট। সংগঠনটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ হয়। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সামিউল আলম, সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দা শিরিন আক্তার, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা প্রমুখ।
এদিকে আন্দোলন থামাতে খাদিজার সহপাঠী সানজিদা সুলতানাকে কোপানোর হুমকির অভিযোগে এক কিশোরকে (১৪) আটকের পর বিকেলে সমাজসেবা অধিদপ্তরের সংশোধনাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীকে শনাক্তের পর পুলিশ তাকে আটক করে।
পুলিশ বলেছে, হামলার প্রতিবাদে সিলেট সরকারি মহিলা কলেজে ছাত্রীদের আন্দোলনে সানজিদা সক্রিয় ছিলেন। বৃহস্পতিবার তাঁর মায়ের মুঠোফোনে ফোন করে আন্দোলন থেকে সরে দাঁড়াতে সানজিদাকে হুমকি দেওয়া হয়। অন্যথায় তাঁর পরিণতি খাদিজার মতো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সানজিদার বাবা মো. আবুল বশির।
সিলেটের সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে বলেন, কিশোরের বয়সের বিষয়টি বিবেচনা করে তার বিরুদ্ধে সানজিদার পরিবার কোনো অভিযোগ করেনি। মুঠোফোনে হুমকি নিতান্ত কৌতূহলবশত ওই কিশোর করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজের পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল। স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেন। বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, খাদিজার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও বদরুলের শাস্তির দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করতে খাদিজার বাড়িতে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার নির্দেশে গতকাল সন্ধ্যা সাতটার দিকে দলটি সেখানে যায় বলে জানা গেছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরে দুপুরে যৌথভাবে মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখা। মিছিলটি শহরের ১ নম্বর রেলগেট থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা বাসদ কার্যালয়ের সামনে এক সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের অপরাধপ্রবণতা ক্রমেই বাড়ছে। তাই অবিলম্বে এসব নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে দুপুরে মানববন্ধন করেছে ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। এ সময় বক্তারা খাদিজার ওপর হামলাকারীর সর্বোচ্চ সাজা দাবি করেন।