হামলার প্রতিবাদ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল সোমবার কুমিল্লাসহ চার জায়গায় মিছিল-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এসব কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে ধর্মীয় সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা দাবি করা হয়। এ জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: নগরে মানববন্ধন করে দক্ষিণ জেলা ১৮-দলীয় জোট। কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, সহসভাপতি জালাল উদ্দিন ও জেলা বিএনপির সদস্য মাহাবুব চৌধুরী। এদিকে বেলা সাড়ে ১১টায় কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করে কুমিল্লা নাগরিক ফোরাম। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ফোরামের সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হাসান, কুমিল্লা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অশোক বড়ুয়া প্রমুখ।
নেত্রকোনা: বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান জন-উদ্যোগ জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সুজনের জেলা সভাপতি শ্যামলেন্দু পাল, সাংবাদিক খলিলুর রহমান, শেখ ইকবাল, আনিসুর রহমান প্রমুখ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সদরে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর আয়োজন করে। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোটরস্ট্যান্ডে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এর আগে রাধামাধব আখড়ায় আখাউড়া ঐক্য পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাশের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, আখড়া পরিচালা কমিটির সাবেক সভাপতি সুবল চন্দ্র ঘোষ, পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, মশিউর রহমান, সুভাষ সাহা প্রমুখ।
বিশ্বনাথ (সিলেট): উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, নিরপরাধ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী সন্ত্রাসী সংগঠন জামায়াত-বিএনপির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা মধ্যযুগীয় বর্বরতার চেয়েও ভয়ংকর। তাঁরা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।