রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পাবনা জেনারেল হাসপাতালে দায়িত্বরত মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা।
পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লার এক বৃদ্ধা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এতে ওই বৃদ্ধার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এই মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এর প্রতিবাদে রাত থেকেই ক্ষুব্ধ হতে থাকেন ইন্টার্ন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মারধরের পর থেকেই ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। সকালে তাঁরা হাসপাতালে উপস্থিত হলেও কেউ কাজে যোগ দেননি। হাসপাতালের প্রধান ফটকে সমবেত হয়ে তাঁরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেন।
এ প্রসঙ্গে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক আবু তোরাব বলেন, ‘যারা চিকিৎসকদের গায়ে হাত তুলেছে, আমরা তাদের গ্রেপ্তার দাবি করছি। অন্যথায় আন্দোলন চলবে।’
হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক শ্যামল কুমার বসাক বলেন, ‘তাৎক্ষণিকভাবে বিষয়টি আমরা থানার পুলিশকে জানাই। তারা হাসপাতাল পরিদর্শন করেছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারেনি। সমস্যা সমাধানে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।’