হামলার প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতিতে শিক্ষকেরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক ঘণ্টার কর্মবিরতি আজ রোববারও চলছে।
বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস নেননি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কর্মবিরতি চলবে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে।
ছাত্রলীগ ও পুলিশের অভিযোগ, বুধবার সকালে চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে শিক্ষকদের বাসে ককটেল হামলা চালান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। পুলিশ বলছে, আবাসিক হলে বৈধ ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘট পালনে শিক্ষকদের বাধ্য করতে তারা এই হামলা চালিয়েছে।
হামলার পরদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।