ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ ওরফে সতেজ তাঁর বাড়িতে ভাঙচুর ও বিএনপির নেতা সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের ওপর হামলাচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন ওই প্রতিবাদ করেন। ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ-র্যা বের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ সময় শাহ মো. আবু জাফর তাঁর ওপর হামলার বিষয় নিয়ে কথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী।
এ পৌরসভার নির্বাচনে কাল রোববার (২৯ মার্চ) ভোট হবে।
শাহ মো. আবু জাফর জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মধুখালীতে তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়। ওই সময় তিনি মেছরদিয়ার মৃত আনোয়ার খানের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘আমি ওই বাড়িতে অবস্থানকালে সন্ত্রাসীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে হামলাকারীরা আমাকে গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে দুর্বৃত্তরা শাহাবিুলদ্দনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। রাত আড়াইটার দিকে সন্ত্রাসীরা জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কবিরুল আলমের বাড়িতেও ভাঙচুর চালায়।’
শাহ জাফর বলেন, ‘নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত জেনে ক্ষমতাসীন দলের ভাড়াটে সন্ত্রাসীরা আমার ওপর হামলার চেষ্টা করে, ব্যর্থ হয়ে শাহাবুদ্দীনের বাড়িতে হামলা করে।’ তিনি অভিযোগ করেন, হামলার এ বিষয়টি মধুখালী থানার পুলিশকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিষয়টি জেলা পুলিশের কর্মকর্তাদের জানানো হয়।
লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ শাহ জাফরের ওপর হামলার চেষ্টা এবং তাঁর (শাহাবুদ্দিন) বাড়িসহ সৈয়দ কবিরুল আলমের বাড়িতে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্থানীয় সাংসদের প্রত্যক্ষ মদদে ভাড়াটে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, এ নির্বাচনে স্থানীয় সাংসদ আবদুর রহমান প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।
মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বী হলেন শাহাবুদ্দীন আহমেদ ও নাগরিক কমিটির খন্দকার মোর্শেদ রহমান ওরফে লিমন।
শাহ জাফর ও শাহাবুদ্দীন আহমেদের অভিযোগ অস্বীকার করে নাগরিক কমিটির সদস্য মনোজ সাহা বলেন, ‘তাঁদের বাড়িতে হামলা বা হামলার চেষ্টা হয়েছে কি না, আমার জানা নেই। তবে নাগরিক কমিটির প্রার্থীর বিজয় সুনিশ্চিত জেনে হতাশ হয়ে পড়েছেন বিএনপির প্রার্থী। এ কারণেই হয়তো মানুষের সহানুভূতি লাভের চেষ্টায় এ জাতীয় অভিযোগ এনেছেন, যার কোনো ভিত্তি নেই।’
সাংসদ আবদুর রহমানের সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) নির্মল কুমার বিশ্বাস জানান, নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করছেন না সাংসদ আবদুর রহমান।
সৈয়দ কবিরুল আলম জানান, সন্ত্রাসীরা তাঁর ঘরের দরজা ও জানালা ভেঙে ভেতরে ঢুকে হত্যার উদ্দেশ্যে তাঁকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাঁকে গালাগাল ও আসবাব ভাঙচুর করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জেলা কৃষক লীগের সভাপতির বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করলেও শাহ জাফর ও শাহাবুদ্দীনের বাড়িতে হামলার বিষয়ে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, শাহ জাফরের অভিযোগ তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।