হামলার প্রতিবাদে কেন্দুয়া-ঢাকা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় বেশি ভাড়া আদায়ের জেরে যাত্রীদের হামলায় বাসের এক কন্ডাক্টর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার থেকে পরিবহনের শ্রমিকেরা কেন্দুয়া-ঢাকা পথে ধমর্ঘট পালন করছেন।
আহত কন্ডাক্টরের নাম রোকন ভূঁইয়া (৩২)। তাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।
কেন্দুয়া থানার পুলিশসহ একাধিক সূত্র জানায়, গত রোববার রাতে ঢাকা থেকে কেন্দুয়ার উদ্দেশে ছেড়ে আসা শাহ্ সুলতান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে নির্দিষ্ট পরিমাণ ভাড়ার চুক্তিতে কয়েকজন দিনমজুর যুবক নরসিংদীর মাধবদী এলাকা থেকে ওঠেন। কিন্তু বেশি ভাড়া আদায় করা নিয়ে রোকন ভূঁইয়ার সঙ্গে তাঁদের বাগ্বিতন্ডা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাসটি মাস্কা এলাকায় পৌঁছালে এ ঘটনা শুনে অন্যরাও কন্ডাক্টরের ওপর চড়াও হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি জখম হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উপজেলার মাস্কা এলাকার রকি ও বাঘবেড় গ্রামের বাবুকে আটক করে।তবে থানা হেফাজতে থাকা রকি ও বাবু দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে কেন্দুয়া থেকে ঢাকার সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।