হামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা, চট্টগ্রাম প্রেসক্লাবে ভাঙচুর ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ তরুণ প্রজন্ম জেগে উঠেছে। একাত্তরের ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা বাংলাদেশে গণজাগরণের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরাও মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনে এই আন্দোলনের সারথি হয়েছে। কিন্তু সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে।গত শুক্রবার সারা দেশে ইসলামী দলগুলোর ব্যানারে জামায়াত-শিবিরের বিক্ষোভ চলাকালে ঢাকা ও চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায় সমাবেশ চলাকালে হামলায় ছয় সাংবাদিক আহত হন। ওই দিন চট্টগ্রাম প্রেসক্লাব ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়।সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামে সাংবাদিকেরা একাত্মতা প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতেও সাংবাদিকেরা সোচ্চার। তাই জামায়াত-শিবির ও মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। এসব হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত শুক্রবারের হামলার সময় পুলিশের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান বক্তারা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি শহীদ উল আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম।