হামলার প্রতিবাদে চার দিন ধরে বিদ্যালয়ে তালা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুজ্জামান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলীর ওপর হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় ছানোয়ার হোসেন নির্বাচিত হন। এতে ক্ষিপ্ত হয়ে নিয়োগপ্রার্থী একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং তাঁর সমর্থকেরা শহিদুজ্জামান ও আজহার আলীর ওপর হামলা চালায়। হামলায় ওই দুজন গুরুতর আহত হন। হামলাকারীরা বিদ্যালয়ের কার্যালয় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। শহিদুজ্জামান বলেন, ‘নির্বাচিত না হওয়ায় শহিদুল ও তাঁর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়, চেয়ার-টেবিল ও অফিসকক্ষ ভাঙচুর করে। শহিদুলের বিচারের দাবিতে ছাত্রছাত্রীরা মিছিল করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলী বলেন, বিদ্যালয়ের তালা খোলার জন্য পরিচালনা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গতকাল সভা করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। শহিদুল ইসলাম বলেন, ‘আমি বিদ্যালয়ে যাচ্ছি না, তালা ঝুলিয়ে দেওয়ার কথা শুনেছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টি খুলে নিয়মিত ক্লাস নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।