হামলার প্রতিবাদে নীলক্ষেত ও বাবুপুরা মার্কেটে আধা বেলা দোকান বন্ধ
দোকানে হামলার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত ইসলামিয়া ও বাবুপুরা মার্কেটের ব্যবসায়ীরা গতকাল সোমবার আধা বেলা দোকানপাট বন্ধ রাখেন। এ সময় ব্যবসায়ী ও দোকান-কর্মচারীরা মার্কেটের সামনে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করেন।ব্যবসায়ীরা জানান, রোববার বই কেনাবেচা নিয়ে দোকান-কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের বাগিবতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ছাত্ররা অন্যায়ভাবে দোকান-মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনার পর থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা মার্কেটের সব দোকান বন্ধ রাখেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ব্যবসায়ীরা দুপুর ১২টার দিকে দোকান খোলেন। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।