হামলার প্রতিবাদে বিক্ষোভ সাংবাদিকদের ঢুকতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতর অংশীদারদের ওপর হামলা, তাঁদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বৃষ্টির মধ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি ও ন্যাপের নেতা-কর্মীরা।
নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার ভাই মনির হোসেন ওরফে মনার নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে বহিরাগত সন্ত্রাসীরা লক্ষ্মীনারায়ণ কটন মিলের অংশীদারদের ওপর হামলা চালায়।
গতকাল সকালে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য কারখানা কলোনিতে ঢুকতে চাইলে মনিরের লোকজন ঢুকতে দেয়নি।
বিকেলের সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম।
সভাবেশে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংসু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ।
বক্তারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লা তাঁর ভাই মনার সন্ত্রাসী বাহিনী দিয়ে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভূমি দখল করতে কারখানার অংশীদারদের ওপর হামলা ও নির্যাতন করে আসছে।
বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা অংশীদারদের ঘরবাড়ি-মন্দির ভাঙচুর ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। ৭০০ কোটি টাকার এই ঐতিহ্যবাহী কারখানাটি মাত্র ৩৫ কোটি টাকা ব্যয় করে আত্মসাৎ করতে চায়। অংশীদারদের ওপর সন্ত্রাসীরা বারবার সশস্ত্র হামলা করলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা অংশীদারদের রক্ষার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ চান।