হামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ওরফে বাবুলকে লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়ায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ সময় মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র নওয়াপাড়া বাজারের সার, সিমেন্ট, খাদ্যশস্যের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় বার্জ, কার্গো, রেলের ওয়াগন, ট্রাক ও ট্যাংকলরি থেকে সব ধরনের পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকে।
নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে গতকাল বেলা ১১টায় পৌরভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন পৌরসভার মেয়র রবিউল হোসেন, কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান, আবদুল হামিদ মোল্যা প্রমুখ। বক্তারা নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হকের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
একই সময় নওয়াপাড়া ইনস্টিটিউটের উদ্যোগে যশোর-খুলনা মহাসড়কেও মানববন্ধন করা হয়। গত বুধবার ভোরে মসজিদে যাওয়ার পথে উপজেলা পরিষদের পাশে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা এনামুল হককে লক্ষ্য করে পরপর তিনটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমার স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হন।