পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বুধবার রাতে মামলা করেছেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। সেখানে সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম রেজা বলেন, ‘একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা বর্বরোচিত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। আগামী রোববারের মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে ওই দিন থেকে শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন। এ ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহামঞ্চদ কামরুজ্জামান বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি চেয়ে আবেদন করেছে।
বুধবার বিকেলে মুশফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন। ক্যাম্পাসের প্রধান ফটকে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।