যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানের ওপর হামলা ও তাঁর প্রাণনাশের চেষ্টার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আইন ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে এলআরএফের সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক মাশহুদুল হক ও ওয়াকিল আহমেদ বক্তব্য দেন। সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম। মানববন্ধনে বক্তারা সাংবাদিক শাকিল হাসানের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক