হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল
নাটোরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠনের শতাধিক কর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর শাখার আয়োজনে দুপুর ১২টায় নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব হাসান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান তাঁরা।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন। এ সময় তাঁরা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জির কাছে স্মারকলিপি দেন।
গত মঙ্গলবার শহরের কানাইখালী ব্রিজের ওপর সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা আজগর আলী চাঁদের ছেলে মসলেম উদ্দিন, ছেলের বউ রেহানা বেগমসহ পাঁচজনকে মারপিট করে জখম করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বলে তাঁরা অভিযোগ করেন। পরে তাঁরা নাটোর আদালতে মামলা করেছেন।