হামলার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধাবেলা অবরোধ চলাকালে খাগড়াছড়ি থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ছবিটি আজ সোমবার ভোর সাড়ে সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
আধাবেলা অবরোধ চলাকালে খাগড়াছড়ি থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ছবিটি আজ সোমবার ভোর সাড়ে সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

চারটি পাহাড়ি গ্রামে লুটপাট, ভাঙচুর ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে আজ সোমবার সকাল থেকে আধাবেলা অবরোধ পালিত হয়েছে।

অবরোধ চলাকালে রাঙামাটি শহর থেকে দূরপাল্লার কোনো লঞ্চ ছেড়ে যায়নি। রাস্তাতেও কোনো যানবাহন চলেনি। তবে কিছু কিছু অটোরিকশা চলেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ি সদরে অবরোধ চলাকালে কয়েকটি জায়গায় সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যান চলাচল করেনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সকাল আটটার দিকে খাগড়াছড়ির রামগড় সড়কের যৌথ খামার এলাকায় অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে ঢাকা থেকে আসা একটি নৈশকোচ আটকে দেয়। এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছোড়ে। পুলিশও ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ সময় অবরোধকারীরা চলে যায়। একটি বাসের জানালার কাচ ভেঙে কয়েকজন যাত্রী আহত হন।

ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের অন্তত ২০০ বাড়ি গত শুক্রবার সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূইয়াছড়া, মধ্যমপাড়া, রাঙাপানিছড়া ও হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেয়।