হামলার প্রতিবাদে শৈলকুপার বাজারে ধর্মঘট
ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গলবাঁধ বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয় লাঙ্গলবাঁধ বাজার বণিক সমিতি।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার দুপুরে বাজারের অপূর্ব ভ্যারাইটিজ স্টোরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা দোকানের ভেতরে থাকা রাম কুণ্ডু, লক্ষ্মণ কুণ্ডু ও অপূর্ব কুণ্ডুকে মারধর করে। এর প্রতিবাদে সন্ধ্যায় লাঙ্গলবাঁধ বাজার বণিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় শুক্রবার (গতকাল) থেকে বাজারের প্রায় ১ হাজার ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
লাঙ্গলবাঁধ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।’