হামলার বিচারে বিশেষ আইন চান সুরঞ্জিত

সংখ্যালঘুদের ওপর হামলার বিচারের জন্য বিশেষ আইন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি-জামায়াত বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘এই দায় শুধু সরকার আর প্রশাসনকে দিলে চলবে না। আমরা যারা প্রগতিশীল রাজনীতি করি, তাদেরও নিতে হবে।’
গণমাধ্যমে সংখ্যালঘুদের আলোকচিত্র প্রকাশ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘নির্বাচন কমিশন বলছে শতকরা ৪০ ভাগ ভোট পড়েছে। তারা সবাই হিন্দু সম্প্রদায়ের নয়। তাহলে কেন শুধু তাদের ছবি প্রকাশ করে দায়িত্বশীল গণমাধ্যমগুলো সংখ্যালঘুদের ওপর হামলা উসকে দিল, এটা আমাদের বোধগম্য নয়।’ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে উল্লেখ করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপিতত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।