হামলার ভয়ে আদিবাসীদের ভারতে আশ্রয় গ্রহণ ও পরে প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় একটি লুটের ঘটনার পর বাঙালিদের মধ্যে উত্তেজনা ও আদিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় বাঙালিদের হামলার ভয়ে দুই শতাধিক আদিবাসী ভারতে চলে যায়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আদিবাসীরা নিজেদের গ্রামে ফিরে আসে। ভারতীয় সীমান্তবর্তী তবলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গতকাল রোববার বিজিবি খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক কর্নেল হাফিজ আহসান ফরিদ সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে কিছু লোক ভারতে আশ্রয় নেয়। গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে মো. মনির হোসেনের মোটরসাইকেল ভাড়া করে তাইন্দ্যং যাচ্ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. মকবুল হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ সাহা। রাত সাড়ে আটটার দিকে ডাকবাংলো এলাকার লাল মিয়ার বাগানের পাশে পৌঁছালে কয়েকজন আদিবাসী তাঁদের মারধর করে। এ সময় নগদ প্রায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনা জানাজানি হলে বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাইন্দ্যং ইউনিয়ন পরিষদের সদস্য ফণীভূষণ চাকমা জানান, হামলার ভয়ে আদিবাসীরা গভীর রাতে ভারতে পালিয়ে যায়। সেখান থেকে ফিরে এলেও আদিবাসীদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।ভারতে পালিয়ে যাওয়া একজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঘটনার পরপরই বাঙালিরা কদমতলীপাড়া ঘেরাও করে পুতুল চাকমা ও কান্তমণি চাকমা নামের দুই আদিবাসীকে মারধর করে। পরে গভীর রাতে আমরা আরও খবর পাই, কদমতলীপাড়া ও চাকমাপাড়ায় হামলার জন্য বাঙালিরা জড়ো হচ্ছে। ওই অবস্থায় দুই পাড়ার ৫০ থেকে ৬০টি পরিবারের নারী-শিশুসহ দুই শতাধিক লোক পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের শিলাছড়িতে চলে যাই। খবর পেয়ে বিএসএফ সদস্যরা আমাদের কাছে এলে তাঁদের কাছে ঘটনা খুলে বলি এবং আশ্রয় প্রার্থনা করি। বিজিবির ও চেয়ারম্যান আলী আকবরের আশ্বাসে আজ (রোববার) নিজেদের গ্রামে ফিরে আসি।’বর্ণাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘বাঙালিদের হামলার ভয়ে পাহাড়িদের ভারতে চলে যাওয়ার খবর রাতে পেয়েছি। পরে আজ (রোববার) সকালে স্থানীয় বিজিবি ও ভারতের বিএসএফ কর্মকর্তাদের মধ্যস্থতায় পালিয়ে যাওয়া পাহাড়ি মুরব্বিদের সঙ্গে কথা বলি। তাঁদের (পাহাড়ি) কাছ থেকে আতঙ্কিত হওয়ার কথা শুনি। পরে আমার জিমঞ্চায় তাঁদের নিজেদের বাড়িঘরে ফেরত নিয়ে আসি।’ মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ আলী বলেন, ‘ঘটনার ব্যাপারে কোনো পক্ষ মামলা করতে আসেনি। তার পরও অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।’