হামলার মামলায় সাত নেতা-কর্মী কারাগারে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার উপজেলা বিচারিক হাকিমের আদালতে এ নেতা-কর্মীরা হাজিরা দিলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আনিছুর রহমান জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশ ওই মামলায় আগেই সোহেল হাওলাদার (৩০) নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল।
গত ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় মোস্তাফিজুর রহমানের ওষুধের দোকানে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় ওই রাতেই তিনি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নয়জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে কলাপাড়া থানায় মামলা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল পৌর বিএনপির সদস্য ঢালী রুহুল আমিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোজাহার উদ্দিন বিশ্বাস (এমবি) ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মোস্তাফিজুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য নূর এলাহী, ছাত্রদলের কর্মী সোহেল দেওয়ান এবং উপজেলা বিএনপির কর্মী মনু সিকদার আদালতে হাজির হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি দুর্বৃত্তরা মোস্তাফিজুর রহমানের ইসলামিয়া ফার্মেসিতে হামলা চালিয়ে দোকানের ওষুধ, আলমারির গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় মোস্তাফিজুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁকেও মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে দোকানের কর্মচারী আলমগীর হোসেন, সবুজ ও মুসাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।